শীতকালে প্রায় কম–বেশি সকলেরই রুক্ষ– শুষ্ক ত্বকের সমস্যা দেখা দেয়। তার জন্য আমরা নানা উপায় অবলম্বন করে থাকি। কিন্তু আবহাওয়া জানান দিচ্ছে শীতের এবার যাওয়ার পালা। আপাতভাবে এই আবহাওয়া শরীরের জন্য খুব আরামদায়ক মনে হলেও, ত্বকের জন্য কিন্তু একেবারেই সুখকর নয়। কারণ মিশ্র আবহাওয়ার সঙ্গে আমাদের ত্বক খাপ খাইয়ে নিতে পারে না। কারণ মিশ্র আবহাওয়া আমাদের ত্বকের উপর প্রভাব বিস্তার করে। তাই আপনাদের মধ্যে অনেকেই হয়তো এই সময় ত্বকের নানারকম সমস্যায় ভোগেন।
তাই শীতের বিদায়বেলায় নিজের ত্বককে কীভাবে সুস্থ ও স্বাভাবিক রাখবেন রইল তারই কিছু টিপসঃ
★হলুদের অ্যান্টিসেপ্টিক উপাদান ত্বকে ইনফেকশন প্রতিরোধ করে।বাড়িতে প্রি-বাথ ট্রিটমেন্টের জন্য বেসন, সামান্য দুধ বা দই হলুদ মিশিয়ে পেস্ট তৈরি করুন। হাত, পা, গলা ও ঘাড়ে ভালো করে এই পেস্ট লাগান। ২০ মিনিট পর পানি দিয়ে আস্তে আস্তে ঘষতে থাকুন। গোসলের সময় পুরো পেস্টটা ধুয়ে ফেলুন। বেসন, হলুদের এই পেস্ট ক্লিনজারের কাজ করে। সাবান না ব্যবহার করলেও চলে।
★মধু ব্যবহার করতে পারলে ত্বক ভালো থাকবে। মধু ন্যাচারাল ময়েশ্চারাইজারের কাজ করে। মধুর সঙ্গে অল্প আমন্ড অয়েল অথবা ডিমের কুসুম মিশিয়ে প্রতিদিন মুখে লাগান ১৫ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন।তৈলাক্ত ত্বকে পাতিলেবুর রস, নিমপাতার রস, মুলতানি মাটি মিশিয়ে পুরো মুখে লাগান। আধাঘণ্টা পর ঠাণ্ডা পানির ঝাপটা দিয়ে ধুয়ে ফেলুন।
★কাচা হলুদের রস, মুলতানি মাটি মিশিয়ে মুখে লাগান। প্যাক শুকিয়ে গেলে গোলাপজল দিয়ে মুছে নিন। কমলালেবুর খোসা বাটা, চালের গুঁড়ো সমপরিমাণ মিশিয়ে লাগান। প্যাক আধা শুকনো হলে প্রথমে দুধ লাগিয়ে স্ক্রাব করে মুখ ধুয়ে ফেলুন।
★নির্জীব ত্বকে ক্লান্তিভাব দূর করতে মুসুর ডালের পেস্ট ও ধনেপাতার রস মিশিয়ে মুখে আধ ঘণ্টা লাগিয়ে রাখুন। পরে ঠাণ্ডা পানির ঝাপটা দিয়ে ধুয়ে ফেলুন। ডাবের পানি, গোলাপ জল, পাতিলেবুর রস একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। আধঘণ্টা পর ধুয়ে ক্রিম লাগান।
★রাতে ঘুমাতে যাওয়ার আগে সামান্য গরম পানিতে ২০ মিনিট পা ডুবিয়ে রাখুন। পা ডোবানোর আগে পানিতে কোর্স সল্ট ও শ্যাম্পু মেশান। স্ক্রাবারের সাহায্যে গোড়ালি ঘষে ডেড সেল ঝরিয়ে ফেলুন। মেটাল স্ক্রাবার ব্যবহার করবেন না। পা পরিষ্কার করার পরে ক্রিম ম্যাসাজ করুন। ক্রিম লাগানোর পর পরিষ্কার কাপড় দিয়ে গোড়ালি ব্যান্ডেজ করে রাখুন। এর ফলে পায়ে ক্রিম লেগে থাকবে। এক সপ্তাহ প্রতিদিন এইভাবে পায়ের যত্ন নিলে পা ভালো থাকবে। পায়ের ফাটা অংশে পেঁয়াজের রস লাগান।এছাড়া ফাটা জায়গায় মধুও লাগাতে পারেন। ফাটা জায়গায় ময়লা ঢুকলে লবণ ও ঘিয়ের মিশ্রণ দিয়ে ঘষুন। পরিষ্কার হয়ে যাবে।
জাকিয়া তাজরিন লোপা
ব্লগার

0 মন্তব্যসমূহ